ব্যানের কারণ জানতে চাওয়ায় পাল্টা গালিগালাজ! Ayat Esports ম্যানেজমেন্টের বিরুদ্ধে TLSx4FP Girls-এর অভিযোগ

PMGE-তে Ayat Esports কর্তৃক জারি করা ব্যান নোটিশকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে Ayat Esports ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্লেয়ারদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলা এবং গালিগালাজের অভিযোগ তুলেছে TLSx4FP Girls।

TLSx4FP Girls-এর প্রকাশিত অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, তাদের এক প্লেয়ারের মন্টেজে একজন সতীর্থকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে দেখা যায়। তবে তাদের দাবি, ওই কথোপকথনটি ছিল নিজেদের টিমমেটদের মধ্যকার এবং সেখানে Ayat Esports, তাদের ম্যানেজমেন্ট কিংবা কোনো নারী প্লেয়ারকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি।

তাদের অভিযোগ, বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই Ayat Esports ম্যানেজমেন্ট ধরে নেয় যে গালিগালাজগুলো তাদের নারী প্লেয়ারদের উদ্দেশ্যে করা হয়েছে। এরপর TLSx4FP Girls-এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা ব্যাখ্যা চাওয়া ছাড়াই বিভিন্ন Girls Group-এ তাদের বিরুদ্ধে ব্যান নোটিশ প্রকাশ করা হয়।

পরবর্তীতে ব্যানের কারণ জানতে চাইলে TLSx4FP Girls-এর একজন প্লেয়ার ও ম্যানেজারকে Ayat Esports-এর সংশ্লিষ্ট গ্রুপ থেকে Kick করে দেওয়া হয় বলে দাবি করেছে দলটি।

বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্দেশ্যে পরবর্তীতে একটি আলাদা গ্রুপ তৈরি করা হলেও সেখানেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানায় TLSx4FP Girls। তাদের বিবৃতি অনুযায়ী, ভয়েস কলে ব্যানের কারণ জানতে চাইলে Ayat Esports-এর প্রতিনিধি Zayn Ehan তাদের প্লেয়ারদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে কল ছেড়ে চলে যান।

এছাড়া, পরবর্তীতে তাদের ম্যানেজারের ব্যক্তিগত ইনবক্সেও অসম্মানজনক মেসেজ পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে TLSx4FP Girls। দলটির দাবি, এরপর তাদের সঙ্গে আর কোনো আলোচনা বা ব্যাখ্যা প্রদান করা হবে না বলেও জানানো হয়।

নিজেদের বিবৃতিতে TLSx4FP Girls জানায়, কোনো সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া অপরাধ নয় এবং নিজেদের অবস্থান পরিষ্কার করার অধিকার প্রত্যেক দলের রয়েছে। তারা শুরু থেকেই আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চেয়েছিল বলেও উল্লেখ করেছে।

বিবৃতির সঙ্গে নিজেদের দাবির স্বপক্ষে সংশ্লিষ্ট প্রমাণ সংযুক্ত করেছে TLSx4FP Girls-এর ম্যানেজমেন্ট।

তবে এ বিষয়ে Ayat Esports ম্যানেজমেন্টের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা-ও তুলে ধরা হবে।